Panchberia Sunrise Club&Grambasibinda Sarbojanin Durgautsav
Goura, Paschim Medinipore
পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দ সর্বজনীন দুর্গোৎসব
সাধ ও সাধ্যের মেলবন্ধনেই পূর্ণতা পায় স্বাদপূরণ। দুর্গাপুজোর ভোগে সেই স্বাদের চর্চাই আমাদের স্বাদকাহন। পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় সর্বজনীন এই পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে ভোগ নিবেদনের ধারাবাহিকতা। নিত্যপুজো ও সন্ধ্যারতিতে নানা ফলের নৈবেদ্যের সঙ্গে মাকে নিবেদন করা হয় লুচি, সুজির হালুয়া ও বিভিন্ন মিষ্টি। পরে তা কমিটির সদস্য এবং দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
অষ্টমীর সকালে ও সন্ধিপুজোয় থাকে বিশেষ ভোগ। নবমীর সন্ধ্যায় পরিবেশন করা হয় কৃশরান্ন—আলু, ফুলকপি, বিনস, সয়াবিনসহ নানা সবজি দিয়ে তৈরি খিচুড়ি। প্রায় দুই হাজার দর্শনার্থী এই প্রসাদ গ্রহণ করেন।
বিজয়া দশমীতে মাটির থালায় সাজানো পোলাও বা ফ্রায়েড রাইস, বেগুনি, পনির, ধোঁকার ডালনা, পরমান্ন, মিষ্টি দই ও রাজভোগ পরিবেশন করা হয় দুপুরে। সন্ধ্যায় প্রতিমা দর্শনার্থীদের মিষ্টিমুখ করানো হয় বোঁদে বা মিহিদানায়। নিরঞ্জনের দিন প্রায় দেড় হাজার মানুষ একসঙ্গে বসে ভাত, ভাজা, ডাল, তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি ও মুরগির ঝোলের নৈশভোজে অংশ নেন।
ক্লাবের সদস্যা ও গ্রামের মহিলারা রান্না থেকে ভোগ বিতরণ—সব কাজে সদস্যদের পাশে থেকে শারদোৎসবকে গৌরবান্বিত করেন। এই আয়োজন জুড়ে থাকে আন্তরিকতা, ঐতিহ্য, মিলন ও ভক্তির আবহ।