Natun Gram Sarbojonin(New)
Lakhnpur, Bankura
লক্ষণপুর যুবগোষ্ঠী পরিচালিত দুর্গাপূজা কাউকে ছাড়িয়ে যাবার জন্য নয়। সীমিত সাধ্যের মধ্যে প্রতিবারই আমাদের নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা থাকে। দুর্গাপূজা যেন আমাদের সারা বছরের রিপোর্ট কার্ড। গ্রামের সব মানুষ আলোচক - সমালোচক, বাদী-বিবাদী সব পক্ষই কাসাইয়ের পাড়ে ফোঁটা শুভ্র কাশের মত এক হয়ে যায়। আমাদের পুজো না সাবেকী না থিমের পুজো। এ দুইয়ের মাঝে এক অনন্য পুজো। আমাদের পুজো শুরু হয় রক্তদান শিবির ও বস্ত্রদান শিবিরের মাধ্যমে। পুজোর ঠিক এক মাস আগে আমরা আয়োজন করি রক্তদান ও বস্ত্রদান শিবিরের। এরই মাঝে চলতে থাকে আমাদের গ্রাম্য যাত্রার রিহার্সাল। দেবী পক্ষর সূচনা মহালয়া তে অনুষ্ঠিত হয় আমাদের ক্লাব প্রাঙ্গনে সাংস্কৃতিক প্রতিযোগিতার। সংগীত আবৃত্তি অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা করা হয়। শুভ পঞ্চমীতে আমাদের সাংস্কৃতিক মঞ্চে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সামান্য উপহার, মানুষ হওয়ার আশীষ দিয়ে। দুর্গাপূজা ব্যাপী অনুষ্ঠানে আমাদের লোক ও আধুনিক অনুষ্ঠানের সংযোগ সাধন হয় । গ্রাম্য যাত্রা, ছৌ, পাতা নাচের সঙ্গে বাউল ও অর্কেস্ট্রার অপূর্ব মেলবন্ধন। তাছাড়াও এলাকার মানুষদের পরিবেশিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয় গ্রামের আকাশ বাতাস।