ITC - Enduring Value Sunrise Pure Masala

Club Pratayee

Contai, Purba Medinipur

কাঁথি শহরের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দুর্গাপূজা আমাদের ‘প্রত্যয়ী’ ক্লাবের পূজা। সকল সদস্য-সদস্যা প্রতিটি পর্বে অংশ নিলেও আচার-অনুষ্ঠান ও মায়ের ভোগের সম্পূর্ণ দায়িত্ব মহিলাদের হাতে। বিবাহিত কন্যা সন্তানসন্ততি নিয়ে বাপের বাড়িতে এলে যেমন মমতায় আদরযত্ন পায়, তেমনই উমা ও তাঁর ছেলেমেয়েদের আপ্যায়নের দায়িত্ব নেন ক্লাবের মহিলা সদস্যরা।
মায়ের এই বিশেষ ভোগই ‘প্রত্যয়ী’র পূজাকে স্বতন্ত্র করেছে। মহাসপ্তমী থেকে মহিলারা এক সদস্যার বাড়িতে একত্রিত হন। তাঁদের যত্ন, ভালোবাসা ও রন্ধননিপুণতায় প্রস্তুত হয় ভোগ। আনাজ ধোয়া-কোটা থেকে উনুনশালার ব্যস্ততা—প্রতিটি কাজে গড়ে ওঠে পারস্পরিক আন্তরিকতা, মাতৃসত্তার সঙ্গে আত্মিক বন্ধন। রান্নার প্রতিটি পর্যায়ে মিশে থাকে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার আপন অনুভব।
প্রতিদিনের ভোগের পদ স্থির হয় সকলের সম্মিলিত মতামতে। হাসি-গল্প, আনন্দ-আড্ডা ও সহযোগিতায় রান্নার পর্ব হয়ে ওঠে শারদোৎসবের আনন্দময় অংশ। নিজেদের হাতে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসায় রাঁধা অন্ন মাকে নিবেদনের পর মণ্ডপে আগত অগণিত দর্শনার্থীকে পাত পেড়ে খাওয়ানো হয়। সকলের তৃপ্ত মুখেই পূর্ণতা পায় এই সযত্ন আয়োজন।
এই অন্নদান দুর্গোৎসবকে করে তোলে হৃদয়ের মিলনক্ষেত্র। প্রসাদ ভাগ করে নেওয়ার আনন্দে মানুষে মানুষে গড়ে ওঠে আত্মীয়তার বন্ধন। দর্শনার্থীদের মুখে প্রসাদ তুলে দিয়ে ‘প্রত্যয়ী’র প্রতিটি সদস্য-সদস্যা লাভ করেন অনাবিল আনন্দ ও গভীর পরিতৃপ্তি। মায়ের আপ্যায়ন থেকে মানুষের সেবায় ছড়িয়ে পড়া এই ভালোবাসাই আমাদের পূজার সার্থকতা।

Puja voting code
SUN0320
WhatsApp VOTE SUN0320 to +91 91470 77170
Live rank #144 15 votes
Vote on WhatsApp