Niyogi Para Pujo Committee
Shyam Nagar, North 24 Paraganas
আশ্বিনের নীল আকাশ আর কাশফুল জানান দেয় মায়ের আগমনী বার্তা। চারিদিকে যখন অভিনব থিমের প্রতিযোগিতা, তখন আতপুর নিয়োগী পাড়া বারোয়ারি তাদের শারদোৎসবকে এক মিলনোৎসবে পরিণত করেছে।
এবারের পুজোর প্যান্ডেল, আলো, ঢাক ও চারদিনের ভোগ রান্নাসহ সমস্ত দায়িত্ব সর্বসম্মতিক্রমে নেয় পাড়ার যুববাহিনী। ভোগ রান্নার দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ রাঁধুনি অমলদাকে। হেঁশেল থেকে মুক্তি পেয়ে মহিলারাও প্যান্ডেলে বসে একসাথে খাওয়ার আনন্দে মাতেন। কিন্তু পুজোর ঠিক দু’দিন আগে এক দুর্ঘটনায় অমলদার ডান হাত ভেঙে যায়। বিকল্প রাঁধুনি না পেয়ে সবাই যখন চিন্তিত, তখন পাড়ার মহিলারাই রান্নার দায়িত্ব তুলে নেন আর অমলদা বসে বসে তাঁদের নির্দেশ দিতে থাকেন।
পাড়ার লোক, গ্রামের ঢাকি, প্যান্ডেল ও আলোর কর্মী থেকে শুরু করে গঙ্গার ধারের বৃদ্ধাবাসের আবাসিক এবং স্থানীয় প্রান্তিক পরিবারগুলিকেও নিমন্ত্রণ করে পরিতৃপ্তির সাথে এই ভোগ খাওয়ানো হয়। পাড়ার মহিলাদের অন্নপূর্ণা রূপের মধ্য দিয়েই যেন মা তাঁর ইচ্ছা পূরণ করলেন। আনন্দের মাঝে চারটি দিন নিমেষেই কেটে যায়। মায়ের কাছে সকলের একটাই প্রার্থনা— "তোমার সন্তানদের দুধে-ভাতে রেখো মা।"