Deganga Milan Sangha
Deganga, North 24 Paraganas
দেগঙ্গা মিলন সংঘ — হৃদয়ের শারদোৎসব
শিউলির গন্ধ, কাশফুলের দোলা আর ঢাকের মাদকতাময় বোল—শরৎ এলেই মন বলে ওঠে, “মা আসছেন…”। সেই আনন্দেই প্রতি বছর নতুন আবেগে সেজে ওঠে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বাজারের দেগঙ্গা মিলন সংঘ।
আমাদের পুজো শুধুই কয়েকটি দিনের আয়োজন নয়; এটি আমাদের ভক্তি, ভালোবাসা, ঐতিহ্য এবং একসঙ্গে পথ চলার গল্প। নিয়ম-নিষ্ঠা ও গভীর শ্রদ্ধায় পূজিত মায়ের মনোমুগ্ধকর ডাকের সাজের প্রতিমা দর্শনে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য মানুষ।
অঞ্জলির মন্ত্র উচ্চারণের সময় ধুনো আর ধূপের গন্ধে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বোলে, মাঝে মাঝে অগণিত ভক্ত একসঙ্গে বলে ওঠে, "বলো দুর্গা মাইকি—জয়!" তখন সৃষ্টি হয় এক অপার্থিব অনুভূতি।
সন্ধ্যা নামলেই পুজোমণ্ডপ হয়ে ওঠে সংস্কৃতির প্রাণকেন্দ্র। নিজেদের প্রতিভার পাশাপাশি গুণী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উৎসবের আনন্দকে ছড়িয়ে দেয় সবার মাঝে।
একসঙ্গে খাওয়া-দাওয়া, হাসি-আনন্দ আর আপন করে নেওয়ার উষ্ণতায় আমরা হয়ে উঠি এক পরিবার। আর দশমীর রঙিন সিঁদুর খেলা—হাসি, আবেগ ও চোখের জলে—মায়ের বিদায়কে করে তোলে স্মরণীয়।
মা চলে যান, থেকে যায় তাঁর আশীর্বাদ, ভালোবাসা আর আগামী বছরের অপেক্ষা।
দেগঙ্গা মিলন সংঘ—যেখানে পুজো শুধু উদযাপন নয়, হৃদয় দিয়ে অনুভব করার এক চিরন্তন বন্ধন।