Gouripur Ghosh Para Barowari Durga Puja Committee
Satui, Murshidabad
দুর্গা পূজার অষ্টমীর ভোগ রান্না।
শারদীয় দুর্গোৎসব আমাদের গ্রামের মানুষের কাছে এক আনন্দের উৎসব। অষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে শুরু হয় ভোগ রান্নার তোড়জোড়। মায়ের অঞ্জলি শেষ হতেই গ্রামের মানুষজন নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন।
মন্দিরের পাশের খোলা জায়গায় জ্বলে উঠে উনুন। বড়ো বড়ো কড়াই ও হাঁড়ি সাজিয়ে রান্না শুরু হয়। একদল মহিলা বসে কুমড়ো, আলু, বেগুন, পটল ও অন্যন্যা সবজি কাটেন। অন্যদিকে পুরুষেরা কাঠের আগুন জ্বালিয়ে বিশাল হাড়িতে খিচুড়ি নাড়তে থাকেন। গরম ঘিয়ের গন্ধ, ভাজা মশলার সুগন্ধ আর খিচুড়ির মিষ্টি ঘ্রানে চারিদিক ভরে উঠে। কড়াইতে ল্যাবড়া ফুটতে থাকে তার মধ্যে রঙিন সবজির মেলা। পাশে বড়ো হাড়িতে দুধ, চাল, ও গুড় দিয়ে তৈরী হয় ঘন সুগন্ধি পায়েস। কোথাও চাটনি তৈরী হচ্ছে, কোথাও পাঁপড় ভাজা হচ্ছে। রান্নার ফাঁকে ফাঁকে শোনা যায় হাসি ঠাট্টা আর উলুধ্বনি।
এই কাজে গ্রামের ছোট বড়ো সকলেই আনন্দের অংশ নেন। কারো হাতে সবজি কাটার বটি, কারো হাতে খুন্তি, আবার কেউ ভোগ পরিবেশনার ব্যবস্থা করেন। রান্নার শেষে মা কে ভোগ নিবেদন করে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই ভোগ শুধু খাবার নয় -এ যেন গ্রামের মানুষের ভালবাসা, সহযোগিতা ও মিলনের এক অপূর্ব উৎসব।