Gouri Pur Shiv Durga Club
Satui, Murshidabad
গৌরীপুর শিব-দুর্গা ক্লাবের অষ্টমীর ভোগ
দুর্গাপুজোর মহাষ্টমী বাঙালির আবেগ ও সংস্কৃতির এক অনন্য মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকে গৌরীপুর শিব-দুর্গা ক্লাব । এই বিশেষ দিনে প্রতিটি বাঙালির হৃদয়কে স্পর্শ করে অষ্টমীর বিশেষ ভোগ। খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি ও পায়েস—এই অষ্টমীর ভোগের প্রধান আকর্ষণ।
সকাল থেকেই গ্রামের মানুষ ভোগ রান্নার কাজে নিজেদের নিয়োজিত করেন। গ্রামের মহিলারা সবজি কাটার কাজে অংশ নেন, আর পুরুষেরা রান্নার দায়িত্ব সামলান। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নিষ্ঠার সঙ্গে রান্না করা হয় মায়ের ভোগ। অন্যদিকে ক্লাবের কচিকাঁচারাও আনন্দের সঙ্গে ভোগ বিতরণের কাজে হাত লাগায়—কেউ পাতা দেয়, কেউ জল পরিবেশন করে। ভক্তদের বিশ্বাস, রান্নার সময় নিবেদিত ভক্তি এবং দেবীর আশীর্বাদই এই সাধারণ খাবারকে এক অনন্য অমৃতের রূপ দেয়।
মহাষ্টমীর অঞ্জলি শেষ হওয়ার পর শুরু হয় ভোগ বিতরণ। ধনী-দরিদ্র, চেনা-অচেনা সব ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে শালপাতায় গরম খিচুড়ি ও ভোগ গ্রহণ করেন। ভোগ শেষে গ্রামের যুবকেরা ব্যবহৃত পাতাগুলি নির্দিষ্ট স্থানে পরিষ্কারভাবে সরিয়ে রাখে।
গৌরীপুর শিব-দুর্গা ক্লাবের এই ভোগ বিতরণ উৎসবের মধ্যে মিশে থাকে এক গভীর সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধনের অনন্য নজির। অষ্টমীর ভোগ গৌরীপুর গ্রাম ও পাশ্ববর্তী গ্রামগুলির মেলবন্ধনের এক মহাসাধন। এই অনাড়ম্বর অথচ তৃপ্তিদায়ক ভোগের মাধ্যমেই পূজার আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে এবং হৃদয়ে পৌঁছে যায়।