Gita More Sarbojonin Durga Puja Committee
Malda, Maldah
মায়ের ভোগ
দুর্গাপুজো মানেই আমাদের গ্রামের মানুষের কাছে অনেক আনন্দ আর মিলেমিশে থাকার সময়। পুজোর কটা দিন মণ্ডপে মায়ের পুজোর পাশাপাশি ভোগ রান্নারও একটা আলাদা আনন্দ থাকে। সকাল থেকেই বাড়ির কাকিমা, জেঠিমা, দিদি-বোনেরা সবাই মিলে ভোগ রান্নার কাজে লেগে পড়েন।
মায়ের ভোগে সবার আগে থাকে গরম গরম খিচুড়ি। তার সঙ্গে আলু, কুমড়ো, বেগুন, পটল, বাঁধাকপি এসব সবজি দিয়ে তৈরি হয় মজার লাবড়া। থাকে বেগুন ভাজা, আলু ভাজা, পাপড়, চাটনি। কোথাও আবার পায়েস, মিষ্টি আর ফল ও মায়ের ভোগে দেওয়া হয়।
ভোগ রান্না হয়ে গেলে প্রথমে মাকে ভালোভাবে নিবেদন করা হয়। তারপর সেই ভোগই প্রসাদ হয়ে যায়। গ্রামের ছোট থেকে বড় সবাই একসঙ্গে বসে সেই প্রসাদ খাওয়ার মধ্যে যে আনন্দ, সেটা সত্যিই আলাদা।
আমার কাছে মায়ের ভোগ শুধু খাওয়ার জিনিস নয়। এর মধ্যে আছে মায়ের প্রতি ভক্তি, গ্রামের মানুষের ভালোবাসা আর সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করার টান।
মায়ের ভোগে তৃপ্ত হোক মন, আশীর্বাদে ভরে উঠুক সবার জীবন।