Pirojpur Agrabas Samiti
Malda, Maldah
পিরোজপুর অগ্রবাল সমিতির দূর্গা পূজা
পিরোজপুর অগ্রবাল সমিতি এ বছর রজতজয়ন্তী বর্ষে। মাত্র ৩০টি পরিবার নিয়ে গড়ে ওঠা এই পুজোর শুরু থেকেই নিয়ম—বাইরে থেকে চাঁদা নেওয়া হয় না। মায়ের ভোগ পাড়ার সকলে মিলেমিশে গ্রহণ করেন।
বৈষ্ণব মতে মাতৃ আরাধনায় পাড়ার মেয়ে-বৌমারা শুদ্ধাচারে ভোগের আয়োজন করেন। ব্রাহ্মণের হাতে রান্না করা ভোগ মাকে নিবেদন করা হয়। প্রসাদে সকলের অধিকার, তাই ভক্তদের জন্য থাকে অবারিত দ্বার।
পুজোর সময় গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না। তাই পুজোর কয়েকদিন আগে থেকেই পাড়ার সকলে মশলা রোদে শুকিয়ে ষষ্ঠীর দিন হামলদস্তায় তা গুঁড়ো করেন। এই ঐতিহ্যই পুজোর বিশেষত্ব।
পুজোর ফল-মিষ্টান্ন নৈবেদ্যের পাশাপাশি প্রতিদিন থাকে বিশেষ ভোগের আয়োজন।
সপ্তমীতে পুষ্পান্ন, শাক, ডাল, সাতরকম ভাজা, বড়া, ছানার তরকারি, আলু-পটল ও অন্যান্য সবজি, আমড়ার চাটনি, পরমান্ন ও মিষ্টি নিবেদন করা হয়।
অষ্টমীতে অন্নভোগের পরিবর্তে থাকে লুচি, আলুর দম, ফুলকপির তরকারি, হালুয়া, বুঁদে ও নানা মিষ্টি।
সন্ধিপুজোয় বিশেষভাবে নিবেদন করা হয় লুচি, মিষ্টি কুমড়োর তরকারি, সুজির মোহনভোগ ও মিষ্টি।
নবমীতে থাকে গোবিন্দভোগ চালের অন্ন, শাক, ডাল, পাঁচরকম ভাজা, দুই রকম তরকারি, বিশেষ রসার তরকারি, আমড়ার চাটনি, পরমান্ন ও মিষ্টি।
দশমীতে মায়ের বিদায়ের আগে ভুনা খিচুড়ি, মিশ্র সবজি ও পরমান্ন নিবেদন করা হয়। শেষে পাথরের বাটিতে দই-খই দিয়ে মাকে বিদায় জানানো হয়।