Halder Para Shanti Samaj
Howrah Maidan, Howrah
দুর্গা মায়ের ভোগ
"হালদারপাড়া শান্তি সমাজ" ক্লাবের দুর্গাপুজো। রাতুলের বাড়ির সকলেই এই পুজোর সঙ্গে যুক্ত।
এই ক্লাবে,পুজোর তিনদিনই মা দুর্গাকে ভোগ অর্পণ করা হয়। তারপর পাড়ার সকলে একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করে।
রাতুল তখন সাত বছরের। দুর্গাপুজোর নবমীতে মায়ের প্রচণ্ড জ্বর। তবু ছেলেকে নতুন জামা পরিয়ে সাজিয়ে দেন। বাবার সঙ্গে প্যান্ডেলে গেলেও রাতুলের মন পড়ে থাকে মায়ের কাছে। কিছুক্ষণ পরপর বাড়ি ফিরে মায়ের পাশে বসে। মা ওর মাথায় হাত বুলিয়ে বলেন, "তুই প্যান্ডেলে যা বাবু, আমি ঠিক আছি।"
পুজো শেষে কাকা রাতুলকে ভোগ খাইয়ে বাড়ি পাঠায়। কিন্তু মায়ের ভোগ খাওয়া হয়নি ভেবে মন খারাপ হয় তার। সবাইকে লুকিয়ে ছোট্ট মুঠিতে মায়ের জন্য ভোগ নিয়ে ঘরে যায়।
“মা, তোমার জন্য ভোগ এনেছি। খাও, তুমি সেরে যাবে।”
মা কোনো সাড়া দেন না। রাতুল কাঁদতে কাঁদতে বলে, “মা, রাগ করেছ? আর কখনও আগে খেয়ে নেব না। কথা বলো!”
তবুও মায়ের কোনো সাড়া নেই। ঠিক তখনই রাতুলকে প্যান্ডেলে না পেয়ে বাবা বাড়িতে ফিরে এসে দেখেন—মা নিথর হয়ে পড়ে আছেন।
পনের বছর পর, মায়ের ছবির পুরোনো মালাটা সরিয়ে টাটকা জুঁইয়ের মালা পরিয়ে দেয়। তারপর,
চোখ মুছতে মুছতে, দুর্গা মায়ের ভোগ রান্নার খুন্তিটা হাতে তুলে নেয় রাতুল!