Palpara Sarbojonin Durgapuja
Gangarampur, Dakshin Dinajpur
পালপাড়া সর্বজনীন দুর্গাপূজা: ভোগে ভক্তি ও সম্প্রীতি
দুর্গাপূজা বাঙালির আনন্দ, আবেগ ও আরাধনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভোগের পবিত্র ঐতিহ্য। পালপাড়া সর্বজনীন দুর্গাপূজায় এই আয়োজন ভক্তির নিবেদন এবং মানুষের মিলনের এক স্নিগ্ধ পরিসর। প্রতিটি পদে মিশে থাকে মাতৃবন্দনার আন্তরিকতা, শুদ্ধাচার ও বাঙালির চিরচেনা রন্ধনসংস্কৃতির মাধুর্য।
পূজার প্রধান দিনগুলোতে দেবীর উদ্দেশ্যে সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক উপায়ে ভোগ প্রস্তুত হয়। খিচুড়ি ও নানা সবজির লাবড়া এই নিবেদনের প্রধান আকর্ষণ। সঙ্গে থাকে মোয়া, রকমারি ভাজা, ফলমূল ও মিষ্টি। রান্নায় যুক্ত ব্যক্তিরা স্নান সেরে পরিচ্ছন্ন পোশাকে দেবীর নাম স্মরণ করে কাজে হাত দেন। প্রস্তুতির প্রতিটি পর্যায়ে বজায় থাকে গভীর ভক্তি ও পবিত্রতা।
দেবীকে নিবেদনের পর ভক্তদের সারিবদ্ধভাবে বসিয়ে কিংবা হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। ছোট-বড়, ধনী-দরিদ্র, পরিচিত-অপরিচিত কেউই এর থেকে বঞ্চিত হন না ।এই সম্মিলিত আনন্দে জাগে সাম্য ও ভ্রাতৃত্ববোধ; সুদৃঢ় হয় সম্প্রীতির বন্ধন।
নবমীর ভোগের পর খিচুড়ি, লাবড়া, পায়েস, লুচি ও ভাজা মাটির সরায় সাজিয়ে গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হয়। প্রসাদের সঙ্গে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। পূজামণ্ডপ থেকে গৃহপ্রাঙ্গণ, সর্বত্র ভোগ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশ্বাস, আবেগ ও সামাজিক ঐক্যের। এই মিলনের নেপথ্যেই দুর্গোৎসবের চিরন্তন সার্থকতা।