Srijani Sangha
Balurghat, Dakshin Dinajpur
"সনাতন ধর্মে ঈশ্বরের উদ্দেশ্যে অন্ন, ফলমূল ও মিষ্টান্ন নিবেদনের পবিত্র রীতিই ভোগসেবা। এই অর্পণের অন্তরালে থাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণ। ভক্তের বিশ্বাসে, দেবতাকে নিবেদিত সাধারণ খাদ্যই প্রসাদরূপে লাভ করে পবিত্র মহিমা। সৃষ্টির প্রতিটি সম্পদকে ঈশ্বরের দান জেনে গ্রহণের আগে তাঁকে নিবেদন করার মধ্যেই প্রকাশ পায় এই সাধনার মর্ম।
ভোগের মাহাত্ম্য উপকরণের প্রাচুর্যে নয়, অন্তরের নিষ্ঠায়। সামান্য পাতা, ফুল, ফল কিংবা জলও ভক্তির স্পর্শে হয়ে ওঠে মূল্যবান নিবেদন। বাঙালির ভক্তিসাহিত্যেও বাহ্যিক আড়ম্বরের ঊর্ধ্বে স্থান পেয়েছে হৃদয়ের সমর্পণ। সাধক রামপ্রসাদ ও শাক্ত পদাবলির সাধনসুর আমাদের মনে করিয়ে দেয় অন্তরকে সযত্নে প্রস্তুত করার প্রয়োজন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন , "" ঈশ্বর কে যা দেবে ভক্তি দিয়ে মেপে দেবে, ভোগের আড়ম্বর বড় কথা নয়, ভাবই আসল।""
ভোগসেবা ঈশ্বর ও মানুষের মধ্যে গড়ে তোলে প্রেমময় সম্পর্ক। অন্নের সঙ্গে নিবেদিত হয় অহংকার ও ব্যক্তিগত আসক্তি; কৃতজ্ঞতায় স্নিগ্ধ হয় চিত্ত। মায়ের প্রসাদে আমরা খুঁজি স্বাদের আনন্দের পাশাপাশি আত্মিক তৃপ্তি, মনের শুদ্ধি ও শান্তির আশ্রয়। ভক্তি ও ভালোবাসার এই নিবেদনেই মায়ের ভোগের চিরন্তন সার্থকতা।
"