Chotobainan Sib Durga Balok Sangha
Choto Bainan, Purba Bardhaman
পূর্ব বর্ধমানের প্রান্তিক গ্রাম ছোটবৈনানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাস করতেন দামাল নন্দী। তাঁর কুলগুরু ছিলেন কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী। গুরুপিতা ও গুরুমাতার প্রতি দামালের ছিল গভীর শ্রদ্ধা ও একনিষ্ঠ ভক্তি। সেই ভক্তির সূত্রেই গড়ে ওঠে গ্রামের শিবদুর্গা আরাধনার অনন্য পরম্পরা। প্রচলিত কাহিনি অনুযায়ী, বাংলায় খাদ্যসংকট ও মন্বন্তরের সময় নিজের পুকুরে স্নান করতে গিয়ে দামাল দেবী দুর্গার আরাধনার আদেশ পান। তখনই পুকুরের জলে ভেসে ওঠে একটি ঘট। সেই ঘটকে কেন্দ্র করেই তাঁর হাতে নন্দী বংশে শুরু হয় দেবীর পূজা। এখানে দুর্গা দশভুজা নন, দ্বিভুজা। দামাল দেবীকে গুরুমা এবং মহাদেবকে গুরুপিতা জ্ঞানে একই সিংহাসনে বসিয়ে আরাধনা করেন। ছোটবৈনানের দক্ষিণ নন্দীপাড়ায় এভাবেই প্রতিষ্ঠিত হয় শিবদুর্গার পূজার ঐতিহ্য। দেবী এখানে অসুরবধের অস্ত্রসজ্জায় সজ্জিত নন; ডান হাত বাড়িয়ে ভক্তদের স্নেহ ও আশীর্বাদ দেন। তাঁর এই মমতাময় রূপে ভক্তেরা খুঁজে পান আপন মায়ের আশ্রয়। হর-পার্বতীর একত্র আরাধনাই আমাদের পূজার বিশেষ বৈশিষ্ট্য। দেবীর আশিস মাথায় নিয়ে শিবদুর্গা সার্বজনীন পূজা কমিটি আজও স্থায়ী মন্দিরে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পরম্পরা বহন করছে। অষ্টমীর সন্ধিপূজায় দেবীর বাম পা থেকে আশীর্বাদপুষ্প বর্ষণের দৃশ্য প্রত্যক্ষ করতে সকলকে আমন্ত্রণ জানাই। এই বিশেষ মুহূর্তে আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও আনন্দময় করে তুলবে।