Munibgarh Anchalik Sarbojanin Durga Puja Committee
Shyamchak, Paschim Medinipur
মুনিবগড় আঞ্চলিক সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গাকে সাড়ম্বরে ভোগ নিবেদন করা হয়। খিচুড়ির সঙ্গে আলুভাজা, বেগুনভাজা, পটলভাজা, মাছভাজা, পায়েস, মিষ্টান্নসহ নানা ব্যঞ্জনে সাজে মায়ের ভোগের ডালি। নিবেদনের পর সেই মহাপ্রসাদ শত শত দর্শনার্থীর মধ্যে সস্নেহে বিতরণ করা হয়।
২০২৩ সাল, বাংলা ১৪৩০ সন। বিজয়া দশমীর দুপুর। প্রসাদ গ্রহণের জন্য সারিবদ্ধভাবে বসেছেন অগণিত ভক্ত। হঠাৎ কমিটির কয়েকজন সদস্যের নজরে এল—মলিন, জীর্ণ শাড়ি পরিহিতা এক বৃদ্ধা সকলের সঙ্গে এক কোণে নীরবে বসে আছেন। তাঁর কথাবার্তা ও অপলক চাহনিতে ছিল এক রহস্যময়তা। জিজ্ঞাসা করা হলো, “মা, আপনি কোথা থেকে এসেছেন?” কোনো উত্তর মিলল না।
কিছুক্ষণ পর প্রসাদ গ্রহণ শেষ হলে সকলেই যখন হাত-মুখ ধুতে ব্যস্ত, তখন আচমকাই দেখা গেল—বৃদ্ধা কোথাও নেই! বহু খোঁজ করেও তাঁর সন্ধান মিলল না। মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন উপস্থিত সকলে।
আজও মনের গভীরে সেই প্রশ্ন অনুরণিত হয়—তবে কি স্বয়ং মা দুর্গাই ভক্তের বেশে আমাদের সঙ্গে বসে ভোগ গ্রহণ করেছিলেন? উত্তর অজানা। তবু প্রার্থনা—তিনি যদি সত্যিই মা হয়ে থাকেন, তবে প্রতিবছর এমন করেই ফিরে আসুন আমাদের মাঝে। তাঁর কৃপাদর্শনেই সার্থক হোক মানবজন্ম।
জয় মা দুর্গা।