Humgarh Mohila Parichalito Durgotsab Committee
Humgar, Paschim Medinipur
আমরা পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের জঙ্গলকন্যারা—হুমগড় তরুণ সংঘের প্রাঙ্গণে শক্তিরূপিণী দেবী দুর্গার আরাধনায় ব্রতী।
“অন্ন দিয়ে অন্নপূর্ণা, দেবীরাই করবে দেবীর অর্চনা”—এই মন্ত্রেই আমাদের পথচলা। বিত্তের প্রাচুর্যে নয়, চিত্তের ঐশ্বর্যে ২০২৩ থেকে ২০২৫—মাতৃআরাধনায় আমরা সমর্পিত প্রাণ।
পুজোর এক মাস আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। বিকেল চারটে বাজলেই ৩-৪টি পাড়ার ১৭০টি পরিবারের দুয়ারে পৌঁছে যান আমাদের মেয়েরা। কারও হাতে চাল, কারও হাতে অর্থ—মুক্তহস্তের সেই দানেই পূর্ণ হয় ‘অন্নপূর্ণা ভান্ডার’। চালের বস্তা মাথায় ক্লাবপ্রাঙ্গণে ফিরতে ফিরতে তাঁরা যেন কখনও লক্ষ্মী, কখনও সরস্বতী, কখনও দশভুজা দুর্গা।
শিলাবতী থেকে মাথায় ঘট নিয়ে জল আনা, প্রশাসনিক অনুমতি, মণ্ডপ, ঢাকি, পুরোহিত, লোকসংস্কৃতির আয়োজন—সব দায়িত্বেই তাঁরা অক্লান্ত। অসীম কর্মশক্তির এই নারীরাই আমাদের ‘অসীমা’।
এই আয়োজন শুধু একটি পুজো নয়; ঘরে ঘরে সঞ্চিত মমতা, শ্রম আর বিশ্বাসের সম্মিলিত অর্ঘ্য। অতিথির আনাগোনা, পূজা-পরিক্রমা, প্রসাদ গ্রহণ ও বিদায়ের শোভাযাত্রায় তাই প্রতিটি মুখ হয়ে ওঠে উৎসবের আপন আলো।
“মায়ের পূজা মায়েদের দিয়ে”—এই প্রত্যয়ে ২০২৬ খুলবে নতুন অধ্যায়। কচিকাঁচা থেকে প্রবীণ, অঞ্জলি থেকে অন্নপ্রসাদ, ঢাকের বাদ্য থেকে নিরঞ্জন—চারটি দিন শিউলির সুবাসে জেগে উঠবে হুমগড়।
গড়বেতা-২ ব্লকের এই মহিলা পরিচালিত দুর্গোৎসব এগিয়ে চলুক সকলের আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতায়—জঙ্গলমহলের নারীর শক্তি, সাহস ও সম্প্রীতির দীপশিখা হয়ে।