Raghunathpur Sarbojanin Saradiya Ussaha Committee
Durgapur, Paschim Bardhaman
দুর্গাপুজো মানেই বাঙালির জীবনে আনন্দ, আবেগ, মিলন আর স্বাদের এক অনুপম উৎসব। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত রঘুনাথপুর সার্বজনীন শারদীয় উৎসব কমিটির পুজোয় সেই আনন্দের অন্যতম আকর্ষণ অষ্টমী ও নবমীর অঞ্জলির পর পরিবেশিত মায়ের মহাভোগ। খিচুড়ি, লাবড়া, চচ্চড়ি, বেগুনি আর পায়েসের অপূর্ব সমাহার শুধু রসনাতৃপ্তির আয়োজন নয়—প্রতিটি পদে মিশে থাকে ভক্তি, ভালোবাসা আর দেবীর প্রসাদের পবিত্রতা।
এই মহাভোগ প্রস্তুতির নেপথ্যেও রয়েছে এক আন্তরিক মিলনকথা। সকাল থেকেই পাড়ার মহিলারা একসঙ্গে বসে টাটকা সবজি কাটা ও মশলা বাটার কাজে হাত লাগান। সেই প্রস্তুতি শেষ হতে না হতেই শুরু হয় রান্নার ব্যস্ততা। পাড়ার যুবসমাজ ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন রান্না থেকে শুরু করে সুশৃঙ্খল প্রসাদ পরিবেশনের প্রতিটি পর্বে।
আর এখানেই ভোগের প্রকৃত মাহাত্ম্য। জাতি-ধর্মের সমস্ত ভেদরেখা ভুলে ছোট-বড় সকলে একই পঙ্ক্তিতে বসে মায়ের প্রসাদ গ্রহণ করেন। পরিবেশনের সময় সকলের মিলিত হাসি, আন্তরিকতা আর কর্মব্যস্ততায় মণ্ডপপ্রাঙ্গণ হয়ে ওঠে এক বৃহৎ পরিবারের আপন উঠোন।
তাই আমাদের মহাভোগ নিছক আহার নয়—এ সম্মিলিত শ্রম, ভক্তি, সৌহার্দ্য এবং পাড়ার মানুষের অটুট একতা ও মেলবন্ধনের চিরন্তন প্রতীক।