Uttar Para Unaited Club
Halibari, Coochbehar
হলদিবাড়ি উত্তরপাড়ার দুর্গাপূজা: ভোগে ভক্তি, মিলনে সম্প্রীতি
হলদিবাড়ি উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কেবল আচারের গণ্ডিতে বাঁধা কোনো ধর্মানুষ্ঠান নয়, তা এক মহামিলনের মহাযজ্ঞ। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উচ্চারণে ধ্বনিত হয়েছিল—“হেথায় সবারে হবে মিলিবারে আনতশিরে।” সেই মহামিলনেরই এক পরম প্রকাশ ঘটে দুর্গাপূজার ভোগ বিতরণ ও সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।
উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসবে প্রায় আশি বছর ধরে মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত ভক্তি ও শুচিতার সঙ্গে মাকে অন্নভোগ নিবেদন করা হয়। গোবিন্দভোগ চাল, সোনা মুগ ডাল ও বিশুদ্ধ মশলা দিয়ে ঘিয়ে রান্না করা খিচুড়ির সঙ্গে থাকে লাবড়া, সাদা ভাত, পঞ্চভাজা, চাটনি, পায়েস, লুচি ও নানা মিষ্টান্ন। বিজয়া দশমীতে মায়ের বিদায়বেলায় নিবেদন করা হয় নাল-পান্তার ভোগ। পুজোর পর মাটির হাঁড়িতে সাজিয়ে মহাপ্রসাদ পাড়ার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় এবং দর্শনার্থীদেরও আন্তরিকভাবে আপ্যায়ন করা হয়। এই ভোগ তাই শুধু দেবীর নৈবেদ্য নয়, ভালোবাসা, সেবা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য ঐতিহ্য।
জাতি, ধর্ম, ধনী ও নির্ধনের কৃত্রিম সামাজিক দেয়াল ভেঙে দিয়ে একই পংক্তিতে বসে প্রসাদ গ্রহণের এই দৃশ্য সার্বজনীনতার প্রকৃত সুরটি বেঁধে দেয়। মাটির সুবাসমাখা হাঁড়ি ও শালপাতার পাতে পরিবেশিত এই প্রসাদ কেবল উদরপূর্তি নয়, হৃদয়ের মেলবন্ধন। মায়ের আশীর্বাদ হয়ে ওঠা এই অন্নভোগ উৎসবের আঙিনাকে করে তোলে সম্প্রীতির এক অখণ্ড তীর্থক্ষেত্র।