Maa Bhagabati Durga Mandir
Rajnagar, Birbhum
রাজনগরের মা ভগবতী দুর্গা পূজা : ঐতিহ্য ও মিলনের উৎসব
বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজাগুলোর মধ্যে রাজনগরের “মা ভগবতী দুর্গাপূজা” অন্যতম। প্রকৃতি যখন কাশফুল ও শিউলির সাজে সেজে ওঠে, তখনই শুরু হয় দেবীর আগমনের বার্তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে দুর্গাপূজা আনন্দ, আবেগ ও ভালোবাসার এক মিলন উৎসব।
মহালয়ার পুণ্যপ্রভাত থেকেই শুরু হয় দেবীর আরাধনার প্রস্তুতি। ষষ্ঠীর বোধন থেকে দশমীর বিসর্জন পর্যন্ত মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টার ধ্বনি, ধূপ-ধুনোর সুগন্ধ এবং ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে। মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমা সজ্জায় ফুটে ওঠে শিল্পীদের শৈল্পিক দক্ষতা।
পূজার দিনগুলিতে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। ছোটদের খেলা, নাচ, গান, আঁকা, কুইজ ও নাটকের মাধ্যমে নতুন প্রজন্ম উৎসবের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হয়। বিজয়ীদের জন্য থাকে বিশেষ ট্রফি।
পুজোর কয়েকদিন মণ্ডপের রান্নাঘরেও থাকে উৎসবের বিশেষ আমেজ। নানা ধরনের সুস্বাদু খাবারের বিভিন্ন পদ -"স্বাদকাহন" কে মনে করিয়ে দেয়। । খুশির সেই সুবাস ভোজনরসিকদের এক ছাদের তলায় টেনে আনে। একসঙ্গে বসে খাওয়ার মধ্য দিয়ে খাবারের স্বাদের পাশাপাশি তৈরি হয় মিলন ও আনন্দের এক সুন্দর বন্ধন।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও মা ভগবতী দুর্গাপূজার ঐতিহ্য আজও অমলিন। মায়ের আশীর্বাদে এই মিলন ও ভালোবাসার পরম্পরা আগামী প্রজন্মের হাত ধরে চিরকাল বেঁচে থাকুক—এটাই সকলের কামনা।